সবাই শান্ত ও ইতিবাচক থাকুন: পেলে
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪০
শারীরিক অবস্থা নিয়ে সবার উদ্বেগ কমানোর চেষ্টা করলেন পেলে। সবাইকে শান্ত ও ইতিবাচক থাকতে বললেন ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। তবে শনিবার ব্রাজিলের সংবাদমাধ্যমে খবর আসে, অন্ত্রের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে ৮২ বছর বয়সী পেলের শরীর এখন আর সাড়া দিচ্ছে না। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ে। এতে স্বাভাবিকভাবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।
তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে রাখার খবর নাড়িয়ে দেয় পুরো ক্রীড়াঙ্গনকে। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তার সুস্থতার জন্য শুরু হয় প্রার্থনা। আসতে থেকে শুভকামনা জানিয়ে একের পর এক বার্তা। পরে বাংলাদেশ সময় শনিবার রাতে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে পেলের শরীর এবং আপাতত স্থিতিশীল আছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন পেলে। তিনি বরেন, আমার বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুন। আমি শক্তিশালী, অনেক আশা নিয়ে আছি এবং যথারীতি আমার চিকিৎসা অনুসরণ করছি। যে যত্ন পেয়েছি তার জন্য আমি পুরো মেডিকেল এবং নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। সৃষ্টিকর্তার ওপর আমার অনেক বিশ্বাস রয়েছে। পুরো বিশ্বে সবার কাছ থেকে প্রাপ্ত ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে শক্তিতে পূর্ণ করেছে। বিশ্বকাপে ব্রাজিলকেও দেখছি। সব কিছুর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ইউডি/এজেএস

