নেতারা কেউ বাসায় থাকতে পারছেন না : মির্জা আব্বাস
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৫
সরকারের ‘দমন-পীড়ন ও সন্ত্রাস’ মোকাবিলা করেই আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ করতে বিএনপি প্রস্তুত বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান উপদেষ্টা এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন ওইদিন (১০ ডিসেম্বর) কি আপনারা বসে পড়বেন। আমরা বসে পড়ব কেন? আমাদের বসে পড়া তো কাজ নয়। আমাদের কাজ হলো- আমরা দুপুর ১২টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত সমাবেশ করব- এটাই হলো আমাদের কাজ। তারপর আমাদের কর্মীরা যার যার মতো বাসায় ফিরে যাবে। এইটুকু শান্তিপূর্ণ সমাবেশ করতে দেবে না, তারা হামলা করবে এটা কেন?’
তিনি আরও বলেন, ‘আমাদের মহানগরে নেতারা কেউ বাসায় থাকতে পারছেন না। সরকার এ রকম সন্ত্রাসমূলক আচরণ করে ঢাকায় একটা দুরবস্থা সৃষ্টি করেছে। কিন্তু কর্মীরা ভীত নয়। আমরা সরকারের দমন-পীড়ন ও যে কোনোরকম সন্ত্রাস মোকাবিলা করেই আমাদের সমাবেশ সফল করব ইনশাল্লাহ। সরকারের কাছে আহ্বান, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করার কাজে কোনো বাধার সৃষ্টি করবে না।’
নয়াপল্টনের বাইরে বিকল্প প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগ পাড় ছাড়া ঢাকার ভেতরে সন্তোষজনক কোনো স্থান তারা যদি আমাদেরকে বলতে পারে, তাহলে আমরা চিন্তা করে দেখব।’
পুরান ঢাকায় সমাবেশের লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ-যুব লীগের হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানান মির্জা আব্বাস।
সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজাদ, মহানগর সদস্য সচিব রফিকুল আলম মজনু, সদস্য ইশরাক হোসেন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউডি/এআই

