বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫০
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি। শুধু ইন্ডিয়া নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে এই কাজ করতে চলেছেন দীপিকা।
আন্তর্জাতিক মঞ্চে এর আগেও বেশ কয়েকবার ইন্ডিয়ার নাম উজ্জ্বল করেছেন দীপিকা। সেই তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও।
কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। এরই মধ্যে ১৮ ডিসেম্বর জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জানা গেছে, শিগগিরই কাতার যাবেন ইন্ডিয়ার এই অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রংয়ের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের। সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি।
প্রতিদিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে। বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা যে এক লাফে তা আরও অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
শেষবার দীপিকাকে দেখা গিয়েছিল ‘গেহরাঁইয়া’ ছবিতে। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। সেখানে শাহরুখ খান এবং জন আব্রাহামকেও দেখা যাবে।
এছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজেও এখন ব্যস্ত দীপিকা। সেখানে দক্ষিণী অভিনেতা প্রকাশ রয়েছেন। এছাড়া স্বামী রণবীর সিংয়ের সিনেমা ‘সার্কাস’-এও বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।
ইউডি/এ

