আমাদের সবসময়ের লক্ষ্য এই অঞ্চলের উন্নয়ন: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০৫
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের সমস্যা আমরা জানি, আমরা সে অনুযায়ী কাজ করছি। আমার বাবা যখন জেল থেকে বের হতেন তখন আমাদের নিয়ে কক্সবাজারে আসতেন। আমরা এখানে ব্যাপক উন্নয়ন করেছি। এতই উন্নয়ন করেছি একসময় দেখবেন এই মহেশখালী সিঙ্গাপুরের চেয়ে সুন্দর হবে। কুতুবদিয়া ও মহেশখালীতে আরও দুটি অর্থনৈতিক অঞ্চল করে দেবো। আমাদের সবসময়ের লক্ষ্য এই অঞ্চলের উন্নয়ন।’
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা সব হারিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি। যে কারণে আমার বাবা সংগ্রাম করেছেন আমি সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ, বার বার ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন।’
সরকারপ্রধান বলেন ‘কক্সবাজারের মানুষকে ধন্যবাদ, আপনারা ২০১৮ সালে আমাদের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এই কক্সবাজারের উন্নয়ন জিয়া, এরশাদ ও খালেদা কেউই করেনি। আমরা যখন থেকে ক্ষমতায় এসেছি তখন থেকে এই কক্সবাজারের উন্নয়ন করেছি। আজকেও ২৯টি প্রকল্প উদ্বোধন করেছি। এগুলো আপনাদের জন্য আমার উপহার।’
ইউডি/এ

