প্রকৃতি এখন হুমকিতে নয়, আক্রমণের শিকার
শিলা আক্তার । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:৩০
রাজনীতি ও রাষ্ট্র নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু প্রকৃতি তথা জীববৈচিত্র্য রক্ষায় কোনো মতভেদ নেই এবং থাকতেও পারে না । প্রকৃতি বিপদে বা হুমকিতে নয়, প্রকৃতি এখন আক্রমণের শিকার। আমাদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রকৃতিকে রক্ষা করা। এ বিষয়ে আমরা সবাই একমত যে, আমাদের বাঁচতে হলে পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।
একই কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রকৃতি হলো আমাদের একটি অংশ। আমরা এই প্রকৃতির বা জীববৈচিত্র্যের জন্য যা করছি, তা যথেষ্ট নয়। তবে সবার সমন্বয়ে আমাদের কাজ করতে হবে। পৃথিবীর সব নেতাদের এক টেবিলে বসে এ নিয়ে কাজ করতে হবে। ২০৩০ সালের মধ্যে আমাদের জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সব ধরনের কাজ শেষ করতে হবে। যা আমরা হারিয়েছি এই সময়ের মধ্যে তা ফিরিয়ে আগের সময়ে ফিরতে হবে।
গতকাল থেকে কানাডার কুইব্যাক রাজ্যের মট্রিয়ালের পেলিস ডেস কংগ্রেসে শুরু হয়েছে জীববৈচিত্র্য সম্মেলন কপ-১৫। স্থানীয় সময় বুধবার (৭ ডিসেম্বর) থেকে মূল সম্মেলন শুরু হলেও গত মঙ্গলবার ট্রুডো সম্মেলনের উদ্বোধন করেন। এতে অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ১৩’শ প্রতিনিধি। জাতিসংঘ ও কানাডা সরকারের যৌথ আয়োজনে এ সম্মেলন চলবে দুই সপ্তাহব্যাপী।
সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, প্রতিধিনিদের মধ্যে সাংবাদিক ছাড়াও বিভিন্ন দেশের প্রধান বা সংশ্লিষ্ট প্রতিনিধি, পরিবেশ নিয়ে কাজ করেন এমন গবেষণা প্রতিষ্ঠান ও ব্যক্তি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আধার বাংলাদেশ। কিন্তু দিন দিন নানাভাবেই ধ্বংস করা হচ্ছে দেশের বনভূমিগুলো। জলবায়ুর প্রভাবে ও শিকারিদের দৌরাত্ম্যে ভালো নেই ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের প্রাণিসম্পদ। এক গবেষণায় দেখানো হয়েছে, ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে প্রায় তিনশ’ প্রজাতির বন্যপ্রাণী। বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে আরো শ’ খানেক।
বাংলাদেশ জাতিসংঘের জীববৈচিত্র্য সনদে স্বাক্ষরকারী এবং অংশীদার। বিপুল জনসংখ্যার এ দেশে আমাদের দৈনন্দিন জীবনযাত্রাসহ জীবন-জীবিকা এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব আছে। সে হিসেবে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের দায়বদ্ধতা আছে। উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। জীববৈচিত্র্য রক্ষার সব আইনি কাঠামোও বাংলাদেশে আছে। জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতার অভাব, সংশ্লিষ্টদের উদাসীনতায় জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে দিন দিন। জীববৈচিত্র্য ধ্বংসের এই চিত্র কোনো মতেই আমাদের জন্যে শুভ হবে না।
লেখক-গবেষক
ইউডি/কেএস

