৩ পার্বত্য জেলা ও উত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট

৩ পার্বত্য জেলা ও উত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:২৩

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও উত্তর চট্টগ্রামে বন্ধ রয়েছে বাস চলাচল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে এসব জেলার সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘গত ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিন পার্বত্য জেলা এবং এবং উত্তর চট্টগ্রাম থেকে পর্যাপ্ত বাস সরবরাহ করা হয়। সেই বাসের ভাড়া যা দিয়েছে তা নিয়ে আমরা কোনও কথা বলিনি।

‘এদিকে বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারেও প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। সেখানকার জন্য কমপক্ষে ৫০টির বেশি বাস রিকুইজিশন করেছে পুলিশ। শুধু তা-ই নয়, বিভিন্ন বাসকে রিক্যুইজিশনের ভয় দেখিয়ে মোটা অংকের টাকাও আদায় করেছে পুলিশ’, বলেন তিনি।

‘কক্সবাজারের জন্য চট্টগ্রাম থেকে অর্ধশতাধিক রিকুইজিশন করা বাসকে মাত্র ৩০ লিটার করে তেল দেওয়া হয়। ওই পরিমাণ তেল দিয়ে কি কক্সবাজার থেকে আসা-যাওয়া করা সম্ভব? পরে পরিবহন শ্রমিকরা আমাকে জানালে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করি। এরপর কক্সবাজারে যাদের জন্য গাড়িগুলো রিকুইজিশন করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করি।

‘পরে তারা প্রতি চালককে আরও পাঁচ হাজার টাকা করে দেন। কক্সবাজার থেকে গাড়িগুলো চট্টগ্রামে আসার সময় ঈদগাঁও থানার ওসি গাড়িগুলো থামিয়ে টাকাগুলো কেড়ে নেয়। এ কারণে পরিবহন শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে গাড়ি চালানো থেকে বিরত রয়েছে। এখানে অন্যকোনও বিষয় নেই। আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি’, বলেন মঞ্জুরুল আলম মঞ্জু।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading