সরকারকে সহযোগিতা করতেই সতর্ক পাহারায় আছি: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩২
সরকারকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ পাড়া-মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা। যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে সতর্ক পাহারায় থাকার জন্য। যাতে সরকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের সহযোগিতা হয়। সেই নির্দেশ মেনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় ঢাকা শহরে সতর্ক পাহারায় আছি।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নেতারাও।
ইউডি/কেএস

