তেলেঙ্গানা উৎসবে মিথিলার ‘মায়া’
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:০০
ইন্ডিয়ার হায়দরাবাদে শুক্রবার শুরু হয়েছে ‘পঞ্চম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’। উৎসবে শনিবার প্রদর্শিত হবে রাফিয়াদ রশিদ মিথিলা অভিনীত কলকাতার ছবি ‘মায়া’। এরই মধ্যে উৎসবে যোগ দিতে হায়দরাবাদ পৌঁছেছেন মিথিলা।
সেখানে চলচ্চিত্রবোদ্ধা আর দর্শকের সঙ্গে ছবি দেখার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন তিনি। ছবিটি অনেকের ভালো লাগবে বলেও প্রত্যাশা তারা। ‘মায়া’ ছবিটি উইলিয়াম শেকসপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত। এটি পরিচালনা করেছেন রাজর্ষি দে।

ছবির কাহিনিতে দেখা যাবে নির্যাতনের শিকার সংখ্যালঘু এক নারীর ঘুরে দাঁড়ানো এবং পুরুষতন্ত্রের শিকল ছিঁড়ে অন্যদের বেরিয়ে আসার উৎসাহ জোগানো। এতে মিথিলার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার।
এরই মধ্যে ছবির দুটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে মিথিলার চরিত্রটি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রাজর্ষি দে।
ইউডি/এ

