পর্তুগালের বিদায়: ইতিহাস গড়ল মরক্কো
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ২৩:৪০
কাতার বিশ্বকাপে মরক্কো মিরাকল চলছেই। গ্রুপ পর্বে বেলজিয়াম বধ, এরপর রাউন্ড অব সিক্সটিনে স্পেন বিদায় নিয়েছিল মরোক্কান রূপকথায়। এরপর আফ্রিকার মুসলিম দেশটির প্রতি প্রত্যাশার পারদ এক ধাপে শতগুণ বেড়ে যায়। সমর্থকদের সেই প্রত্যাশার প্রতিদান কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে মরক্কো। এবার তাদের শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শনিবার (১০ ডিসেম্বর) রাতে আল থুমামা স্টেডিয়ামে ১-০ গোলে পর্তুগিজদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে আফ্রিকার দেশটি। মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেছেন ইউসুফ এন-নেসিরি। আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সেমিতে উঠলো মরক্কো।
এদিনও প্রথম একাদশে রোনালদোকে বেঞ্চে রাখেন কোচ ফের্নান্দো সান্তোস। প্রথম থেকেই আক্রমণে নামে পর্তুগাল। ৪০ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রসে শট মারেন ফেলিক্স। কিন্তু তার শট বার উঁচিয়ে চলে যায়। ৪২ মিনিটে এগিয়ে যায় মরক্কো। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন বৌফাল। আগুয়ান গোলরক্ষক কোস্তা বলের নাগাল পাওয়ার আগে হেডে গোল করেন ইউসুফ এন-নেসিরি। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল মরক্কোর। ৪৯ মিনিটের মাথায় হাকিম জিয়েচের ফ্রিকিক আর একটু হলে জালে জড়িয়ে যেত। কোনও রকমে সেই বল বার করেন কস্তা। চলতি কাতার বিশ্বকাপে এখনও হারের স্বাদ পায়নি আটলান্টিক মহাসাগর ও ভ‚মধ্যসাগরের কোলঘেঁষা উত্তর আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে। দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় ফিফার বিশ্ব র্যাংকিং দ্বিতীয় অবস্থানে থাকা বেলজিয়ামকে। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারায় কোচ ওয়ালিদ রেগরাগুইর দল। রাউন্ড অফ সিক্সটিনে স্পেনকে হারিয়ে কেয়ার্টারে যায় তারা। কোয়ার্টারে পর্তুগালকে বিদায় করে এবার তারা পা রাখলো সেমিতে। কতদূর যাবে এই মরক্কো মিরাকল- উত্তর মিলবে সেমিফাইনালে।
ইউডি/এজেএস

