আফগান সীমান্ত বাহিনীর গুলিতে ৬ পাকিস্তানি নিহত

আফগান সীমান্ত বাহিনীর গুলিতে ৬ পাকিস্তানি নিহত
আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা উসকানিতে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে কামানের মতো ভারী অস্ত্রের গোলাবর্ষণ করেছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:২০

আফগান সীমান্ত বাহিনীর ছোড়া গুলি এবং ভারী গোলাবর্ষণে পাকিস্তান সীমান্তে অন্তত ছয় জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। একইসঙ্গে আফগান বাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সময় রোববার (১১ ডিসেম্বর) পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের সঙ্গে সংযোগকারী চামান সীমান্ত ক্রসিংয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা উসকানিতে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে কামানের মতো ভারী অস্ত্রের গোলাবর্ষণ করেছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

বাহিনীটির বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান থেকে ছোড়া গোলায় ছয় বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হওয়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আঘাত করেছে।

আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের বাহিনী সীমান্তের আফগানিস্তান অংশে নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধের দাবি জানালে সংঘর্ষ শুরু হয়।

কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, গুলিতে আফগান এক সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন বেসামরিক নাগরিক রয়েছেন।

নুর আহমেদ নামে এক প্রাদেশিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুই পক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

এই বিষয়ে আফগানিস্তানের শাসক তালেবানের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করেন। তাদের মধ্যে ব্যবসায়ী ছাড়াও পাকিস্তানে চিকিৎসা নিতে আগ্রহী এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতে আগ্রহীরা রয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading