আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:১৭
আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কারাবন্দি নেতাদের মুক্তি, দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদ এবং গুলিতে নিহত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ ও গণমিছিল পালন করা হবে।
গত শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত গণসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ওইদিন ১০ দফা আদায়ের জন্য আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) ঢাকা মহানগরীসহ সারাদেশের প্রতিটি জেলা-উপজেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে সমাবেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, ৯৬ এর আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবি পেশ করেন খন্দকার মোশাররফ।
এ ১০ দফা আদায়ের কর্মসূচিতে আগামী দিনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা আগ্রহী তাদের অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
ইউডি/এ

