লিটারে ৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:২৫
খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমিয়ে ১৮৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়।
সরকারের সিদ্বান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।
আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা। আর খোলা পাম সুপার তেল লিটার প্রতি চার টাকা কমে ১২১ টাকা থেকে হয়েছে ১১৭ টাকা।
আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ইউডি/এ

