মাদক মামলায় রাকুলকে জিজ্ঞাসাবাদ
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০
আবারও বিপাকে পড়লেন তারকা অভিনেত্রী রাকুল প্রীত সিং। মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় রাকুলকে ফের ডেকে পাঠাল ইন্ডিয়ার এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)।
এই মামলায় গত শুক্রবারই রাকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠানো হয়েছে দাবি করেছেন বেশ কিছু গণমাধ্যম।
জানা যায়, রাকুলের মামলাটি ২০১৭ সালের। হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রাকুলের। তবে শুধু রাকুলই নন, এই মামলায় নাম জড়ায় দক্ষিণের আরও অনেক তারকা। এই মামলায় গত বছরও হায়দরাবাদে ইডির জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রাকুল।

২০১৭ সালে সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং আরও দুই জনের কাছ থেকে ৩০ লাখ টাকার মাদক উদ্ধার করে শুল্ক দপ্তর। সেই মামলায় নাম জড়িয়েছিল রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং ‘বাহুবলী’ খ্যাত রানা দাগ্গুবতীর। এই মামলায় ২০২১ সালের দিকে এই তারকাদের জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

এই মামলার বিষয়ে আগেই টাইস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মামলা সম্পর্কে কথা বলতে গিয়ে ইডির এক কর্মকর্তা জানান, তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ প্রায় ১২টি মামলা করেছে। যার মধ্যে ১১টির চার্জশিট জমা দেওয়া হয়েছে। ৮ জনের নামে চার্জশিট জমা পড়েছে। তবে এরা সবাই ছোট মাদক সরবরাহকারী। তবে তদন্তে একাধিক দক্ষিণী তারকার নাম উঠে এলেও কোনো প্রমাণ না মেলায় এখন পর্যন্ত তাদের শুধুমাত্র সাক্ষী হিসাবেই ডাকা হয়েছে।
ইউডি/এ

