অভিষেক টেস্টেই জাকির হাসানের সেঞ্চুরি

অভিষেক টেস্টেই জাকির হাসানের সেঞ্চুরি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৭

অভিষেকেই সেঞ্চুরির আনন্দে ভাসলেন ওপেনার জাকির হাসান। ইন্ডিয়ার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন সেঞ্চুরির হাসি হাসলেন এই ওপেনার। টেস্ট ক্রিকেটে অভিষেকে বাংলাদেশের আরও অনেকে সেঞ্চুরি পেয়েছেন। জাকির সেই তালিকায় চতুর্থ।

তবে ওপেনার হিসেবে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি হলেন জাকির হাসান। জাকিরের আগে টেস্ট অভিষেকে বাংলাদেশের তিন সেঞ্চুরিয়ান হলেন আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজু।

চট্টগ্রাম টেস্টে জেতার জন্য ৫১৩ রানের পেছনে ছুটছে বাংলাদেশ। কঠিন টার্গেটের সেই ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশনে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন জাকির। ২১৯ বলে ১৩ বাউন্ডারি ও এক ছক্কায় সেঞ্চুরি করেন তিনি।

নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ওপেনিং জুটিতে বাংলাদেশ তুলে নেয় ১২৪ রান। ৬৭ রান করে নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেও চট্টগ্রামের ব্যাটিংসহায়ক উইকেটে দক্ষতার সঙ্গে সেঞ্চুরি তুলে নিলেন জাকির হাসান।

এ টেস্টে প্রায় হঠাৎ করেই জাকির হাসানের সুযোগ মেলে। কিছুদিন আগে ইন্ডিয়ার ‘এ’ দলের বিরুদ্ধে দুটো বড় সেঞ্চুরি করার পুরস্কার হিসেবে টেস্ট দলে সুযোগ পান জাকির। তবে তিনি মূলত মিডলঅর্ডারে ব্যাট করেন। টেস্টে সুযোগ পেলেন। তা-ও আবার ওপেনার হিসেবে। প্রথম ইনিংসে বেশিদূর যেতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেটের আচরণ বুঝে অনবদ্য কায়দায় ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিলেন এই ডানহাতি।

অক্ষর প্যাটেলকে বাউন্ডারি হাঁকিয়ে ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান জাকির। তবে পরের ওভারেই অশ্বিনের বলে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ঠিক ১০০ রানে।

বয়স মাত্র ২৪। জীবনের প্রথম ম্যাচ। তা-ও আবার দল যখন ৫১৩ রানের বিশাল টার্গেটের পেছনে ছুটছে। টেস্টের চতুর্থ ইনিংস। ইন্ডিয়ার আক্রমণাত্মক ফিল্ডিং এবং বোলিং। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়ে জাকির হাসান জানান দিলেন, এই ফরমেটে টিকে থাকার জন্যই এসেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটের সাফল্যই তাকে টেস্ট অভিষেকে সেঞ্চুরির আনন্দ উপহার দিল। ৬৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজারের বেশি রান ও ১৩ সেঞ্চুরির মালিক জাকির। এ অভিজ্ঞতাই তাকে টেস্ট অভিষেকে বড় শক্তি জুগিয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading