ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৫

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গু নিয়ে নতুন করে ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে মশাবাহিত রোগটিতে মোট ৫৭৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে গত একদিনে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে।

বুধবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ১২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৮ জন ঢাকায় এবং ৫৮ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৭৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২৬ জন। এছাড়া ঢাকার বাইরে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৭৫৫ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬০ হাজার ৯০৯ জন। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭৩ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading