৯ কোটি টাকার ডিজেলসহ মেঘনায় জাহাজডুবি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৩২
ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেলসহ ‘সাগর নন্দিনী-২’ নামে একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে।
রোববার (২৫ ডিসেম্বর) ভোরে চাঁদপুরের উদ্দেশ্যে জাহাজটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। পথে ঘনকুয়াশার কারণে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়। ডুবে যাওয়া জাহাজে থাকা চালকসহ ১২ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলে ও কোস্টগার্ড।

উদ্ধার হওয়া জাহাজের মাস্টার মাসুদ বেলাল জানান, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ১১ লাখ লিটার তেল নিয়ে ‘সাগর নন্দিনী-২’ নামের তেলবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। রোববার ভোরে ভোলার তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ঘনকুয়াশার কারণে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কায় জাহাজটির তলা ফেটে যায়। এসময় জাহাজে থাকা মাস্টার, শ্রমিকসহ ১৩ জনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করে। ডুবে যাওয়া জাহাজে থাকা তেলের দাম প্রায় ৯ কোটি টাকা বলেও জানান তিনি।
এদিকে ডুবে যাওয়া জাহাজে থাকা তেল উদ্ধারে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
ইউডি/এ

