রাসিক নির্বাচনের মাঠে তৃতীয় লিঙ্গের ২ প্রার্থী

রাসিক নির্বাচনের মাঠে তৃতীয় লিঙ্গের ২ প্রার্থী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০০

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন তৃতীয় লিঙ্গের দুজন। তারা আগামী রাসিক নির্বাচনে সংরক্ষিত তিনটি করে ছয়টি ওয়ার্ডের নির্বাচনে অংশ নেবেন বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা ও আবু হাসনা পলি নিজেদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাগরিকা ও পলি বলেন, নতুন বছরের শুভেচ্ছা সংবলিত পোস্টারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানান দিচ্ছি ওয়ার্ডবাসীদের। এ প্রথম হিজড়া জনগোষ্ঠীর কেউ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রচার চালাচ্ছে। যদিও নির্বাচনের এখনও অনেকদিন সময় বাকি রয়েছে।

সুলতানা আহমেদ সাগরিকা রাজশাহী সিটি করপোরেশের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনে অংশ নিতে চান। তিনি রাজশাহী ‘দিনের আলো হিজড়া সংঘ’র সাধারণ সম্পাদক। সম্প্রতি ইংরেজি বছরের শুভেচ্ছা পোস্টার নির্বাচনী ওয়ার্ডে লাগিয়ে আলোচনায় এসেছেন তিনি।

পোস্টারে তিনি লিখেছেন- ‘১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে আপনাদের দোয়া ও সর্মথন প্রত্যাশী।’

এছাড়া রাসিকের ১, ২ ও ৪ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন আবু হাসনা পলি। তিনি একই সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে অংশ নিতে তিনিও ওয়ার্ডগুলোতে প্রচার-প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার থেকে তার পোস্টার টানানো হবে।

এ দুজন জানান, আমাদের কোনো পিছু টান নেই। না আছে সংসার, না আছে বিলাসিতা। আমরা সাধারণ জীবনযাপন করি। আমাদের টাকা-পয়সার লোভ নেই। আমাদের দিন-রাত সব সমান। মানুষ আমাদের যখন ডাকবে তখন পাবে। আমরা ওয়ার্ডবাসীদের জন্য জেগে থাকব নিবেদিত প্রাণ হয়ে।

সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ‘২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন এনজিও ও সামাজিক উন্নয়ন কাজের সঙ্গে আছি। এসময় নারী ও শিশুদের নিয়ে বেশি কাজ করেছি। দেশে আমাদের স্বীকৃতি আছে।

‘আমাদের কেউ বলে হিজড়া, তৃতীয় লিঙ্গের মানুষ, কেউ বা বলে ট্রান্সজেন্ডার নারী। আমাদের বিভিন্নভাবে মানুষ চেনে। সবাই বলে এক কাতারে এসে সমাজে উন্নয়নমূলক ও গঠনমূলক কাজ করতে হবে। এ জায়গাগুলো থেকে একটা সাহস তৈরি হয়েছে’, বলেন সাগরিকা।

সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির বিষয়ে রাজশাহী দিনের আলো হিজরা সংঘ’র সভাপতি মোহনা বলেন, ‘আমরা শুনেছি। তারা দুইজন নির্বাচন করবে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পোস্টার টানিয়েছে। আমাদের জনগষ্ঠীর পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা রইলো।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading