ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিচার শুরু

ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিচার শুরু
Evaly Rasel Shamima

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৫

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানার মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিন কারাগারে আটক আসামি রাসেলকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা আসামি শামীমা নাসরিন উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আসামি রাসেলের উপস্থিতিতে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এর আগে তিন লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একজন গ্রাহক গুলশান থানায় মামলাটি করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading