বিএনপিকে নিয়ে ভাবার সময় নেই: খালেদ মাহমুদ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সারা দেশের মানুষ এখন মেট্রোরেল নিয়ে ভাবছে। বিএনপিকে নিয়ে ভাবার সময় তাদের নাই।’
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
সীমান্তে হত্যার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তে এখন মাঝে মাঝেই হত্যার ঘটনা ঘটে। আগে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটতো। এখন কমে এসেছে। এটি দুই দেশের সম্পর্কের মাঝে কোনও প্রভাব ফেলবে না।’
এদিকে লালমনিরহাটের হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত এবং আরও দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় বড়খাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাফিজুল ইসলাম।
ইউডি/এ

