অসাম্প্রদায়িক দেশ গড়বে জাতীয় পার্টি: বাবলা
উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
রোববার (১ জানুয়ারি) দুপুরে জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে শোভাযাত্রাটি জিপিও মোড় থেকে শুরু হয়।
পরে পুরানা পল্টন মোড়, বিজয় নগর, কাকরাইল, শিল্পকলা একাডেমি হয়ে রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর বিভিন্ন ওর্য়াড ও ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় এরশাদ, রওশন এরশাদ, জিএম কাদের, বাবলার ছবি সম্বলিত হাজারো রঙ বেরঙয়ের ফেস্টুন, বিশাল আকৃতির লাঙল কাঁধে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে হাজরো নেতাকর্মী নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে পুরো এলাকায়।

শোভাযাত্রা শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে বাবলা বলেন, ‘আজ জাতীয় পার্টির পরিবারের সব সদস্যের আনন্দের দিন, নতুন শপথে এগিয়ে চলার দিন, নবজাগরণের দিন। জাতীয় পার্টি মানেই এরশাদ পরিবার, লাঙলের পরিবার।’
তিনি বলেন, ‘আমাদের মাতৃতুল্য বেগম রওশনের আশীর্বাদ নিয়ে দলের সুযোগ্য চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এরশাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় পার্টি গণজাগরণ গড়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ইসলামি মূল্যবোধ ও অসাম্প্রদায়িক দেশ গড়বে।’
বাবলা আরও বলেন, ‘যে বাংলাদেশে থাকবে না অপরাধ, দুর্নীতি ও অপরাজনীতি। স্রোতের বিপরীতে দাঁড়িয়েও জাতীয় পার্টি দেশের মানুষের অর্থনীতির মুক্তির সংগ্রাম জোরদার করবে।’
এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা ও কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজল।
ইউডি/এ

