বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস শুরু শুক্রবার
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস আগামী ৬ থেকে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
কংগ্রেস উদ্বোধন করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পার্টির র্যালি ঢাকার রাজপথ প্রদক্ষিণ করবে।
বুধবার (০৪ জানুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কংগ্রেস কমিটির সদস্য সচিব আকবর খান।
সাইফুল হক জানান, শুক্রবার বেলা আড়াইটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপি, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, গণতন্ত্র মঞ্চ, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট ও বাম প্রগতিশীল ধারার শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইন্ডিয়ার কমিউনিস্ট পার্টি- সিপিআই (এম-এল) লিবারেশন ও নেপালের কমিউনিস্ট পার্টি- সিপিএনের (ইউএমএল) নেতারা।
৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইনস্টিটিউশনের সেমিনার হলে বিভিন্ন পর্বে কংগ্রেসের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে কংগ্রেসের মূল রাজনৈতিক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট, পার্টির কর্মসূচি, সংকট উত্তরণের ৩১ দফা, গঠনতন্ত্র, কেন্দ্রীয় গাইডলাইন, পাটির অর্থ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, আয়-ব্যয়ের হিসাব প্রভৃতি দলিলপত্র ও বিষয়াবলী নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। কংগ্রেসে ক্রেডেনশিয়াল কমিটির রিপোর্টও পেশ করা হবে।
দলের নতুন কমিটি নির্বাচনের বিষয়ে সাইফুল হক বলেন, ‘প্রয়োজনে গোপন ব্যালটে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হবে। পার্টির ৪২টি সাংগঠনিক জেলা থেকে ২৫৬ জন নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষক চার দিনব্যাপী এই কংগ্রেসে অংশগ্রহণ করবেন।’
ইউডি/এ

