অর্থনৈতিক সংকটের মধ্যে সৌদি সফরে পাকিস্তানের সেনাপ্রধান

অর্থনৈতিক সংকটের মধ্যে সৌদি সফরে পাকিস্তানের সেনাপ্রধান

উত্তরদক্ষিণ । রবিবার , ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব গেছেন। সফরে তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

পাকিস্তানে চরম অর্থনৈতিক সংকট চলছে। দেশটির রিজার্ভ ছয় বিলিয়ন আমেরিকান ডলারের নিচে নেমে গেছে, যা দিয়ে মাত্র এক মাস আমদানি ব্যয় নির্বাহ করা যাবে। নিত্যপণ্যের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। এ ছাড়া বর্তমানে গত বছরের ভয়াবহ বন্যাপরবর্তী বিপর্যয় মোকাবিলা করছে পাকিস্তান। এসবের মাঝেই সৌদি সফরে গেলেন জেনারেল মুনির।

গত নভেম্বরে জেনারেল মুনির পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরই পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে দেশটির অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক মিত্র সোদি আরব সফরে গেছেন। এ ছাড়া এক সপ্তাহের এ সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতেও যাবেন।

গত বুধবার পাকিস্তানের আইএসপিআর জানিয়েছিল, পারস্পরিক স্বার্থ, সামরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করতে জেনারেল মুনির ভ্রাতৃপ্রতীম দু’দেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সৌদি সংবাদ সংস্থা জানায়, গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন জেনারেল মুনির।

বৈঠকের পর এক টুইটবার্তায় যুবরাজ খালিদ বিন সালমান বলেন, ‘আমরা ভ্রাতৃপ্রতীম দেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা এবং সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছি।’

ইসলামাবাদভিত্তিক বিশ্লেষক মোহাম্মদ ফয়সাল জানান, জেনারেল মুনিরের সফরকে অবশ্যই অর্থনীতির দিক থেকে দেখা উচিত। কেননা পাকিস্তানের ‘ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির’ মাঝে এ সফরে গেছেন তিনি।

তিনি আলজাজিরাকে বলেন, ‘রিজার্ভ বাড়াতে সৌদি রাজপরিবারের দিকে তাকিয়ে পাকিস্তানের নেতারা। ইসলামাবাদের জন্য এ সফরের প্রধান ফলাফল হবে আর্থিক সহায়তা নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে ঘোষণা।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading