‘স্মার্ট বাংলাদেশ’ মানে সরকারের ‘স্মার্ট লুটপাট’: আমির খসরু
উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকারের ‘‘স্মার্ট বাংলাদেশ’’ হচ্ছে ‘‘স্মার্ট ভোট চুরি’’, ব্যাংক, শেয়ার বাজার লুট ও টাকা পাচারের স্মার্টনেস। এসব দুর্নীতি করাও একটা স্মার্ট বিষয়।’
রোববার (০৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘বিএনপির ২৭ দফা হচ্ছে এসব থেকে মুক্তির রূপরেখা। বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামত করতে না পারলে ক্ষমতায় গেলেও দেশ চালাতে পারবে না। ‘‘রেইনবো নেশন’’ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে।’
খসরু বলেন, ‘সরকার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দখল করেছে। পেশিশক্তি দিয়ে ক্ষমতায় থাকতে দুর্নীতিবাজ আমলা পুলিশ ব্যবসায়ীদের দিয়ে একটি রেজিম তৈরি করেছে সরকার।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘নিষেধাজ্ঞা বন্ধ করা দূতাবাসের কাজ না। প্রবাসীদের সেবা দেওয়া দূতাবাসের মূল কাজ। সরকার যে ধরণের কাজ করে গুম-খুন, এতে তো নিষেধাজ্ঞা আসবেই একটির পর একটি। এটি নুতন কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘জনগণের টাকা খরচ করে দূতাবাসগুলোকে সরকারের নিষেধাজ্ঞা ঠেকানো কাজে ব্যবহার করা উচিত নয়। দেশে যা চলছে তাতে নিষেধাজ্ঞা আসা স্বাভাবিক। যে অন্যায় চলছে তা বাংলাদেশি দূতাবাসকে ব্যবহার করে বন্ধ করা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশি দূতাবাসকে ব্যবহার করে সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে।’
ইউডি/এ

