পরীমণির মাদক মামলা স্থগিত থাকবে: হাইকোর্ট

পরীমণির মাদক মামলা স্থগিত থাকবে: হাইকোর্ট

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলা বাতিল সংক্রান্ত রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে হাইকোর্টে নিষ্পত্তি না পর্যন্ত বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরীমণির আইনজীবীরা।

সোমবার (০৯ জানুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামানের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৭ মার্চ পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ। পরবর্তীতে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার জজ আদালত।

২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন।

১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমণির একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুই দিন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় পরীমণিকে মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়।

আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদরদপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading