তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

বিগত কয়েক বছরে তাইওয়ানের ওপর চীনের নজরদারি বেড়েছে। এরই মধ্যে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে তাইওয়ানের। যা নিয়ে মাথা ব্যথা বেইজিংয়ের।

তাইওয়ান দখলের প্রচেষ্টা রুখে দেওয়ার বার্তা দিয়ে সরাসরি বেজিংকে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন ডিসি। তবে চীনও নিজেদের ‘রাষ্ট্র সম্প্রসারণ’ নীতিতে অনড়।

রয়টার্স জানিয়েছে, এই অবস্থার মধ্যে গত রোববার (০৮ জানুয়ারি) সামরিক মহড়া সম্পন্ন করল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পিএলএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাইওয়ানের চারপাশে রোববার যুদ্ধ মহড়া চালিয়েছে তারা।

এতে স্থলভাগে হামলা এবং সমুদ্রপথে আক্রমণের ওপর দৃষ্টি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এক মাসের মধ্যে এ নিয়ে তাইওয়ানের পাশে এটি দ্বিতীয় মহড়া চীনের।

পিএলএ’র থিয়েটার কমান্ড গত রোববার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী তাইওয়ানের আশেপাশে সমুদ্র এবং আকাশসীমায় ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি’ সম্পন্ন করেছে। ওই মহড়ায় চীনের ২৮টি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানা গেছে।

সংক্ষিপ্ত ওই বিবৃতিতে পিএলএ আরও জানিয়েছে, যৌথ যুদ্ধের ক্ষমতা পরীক্ষা করা এবং ‘বহিরাগত শক্তি ও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি’র উস্কানিমূলক কর্মকাণ্ডকে মোকাবিলা করার লক্ষ্যে প্রস্তুত থাকাই এই মহড়ার উদ্দেশ্য।

তাইওয়ানকে চীনা সরকার নিজেদের এলাকা বলেই দাবি করে। তবে বিগত কয়েক দশক ধরে তাইওয়ান নিজেদের মতো সরকার পরিচালনা করে আসছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের গৃহযুদ্ধ শেষে কমিউনিস্ট বিরোধী চীনা রাজনীতিবিদরা তাইওয়ানে পালিয়ে এসেছিলেন।

এদিকে কমিউনিস্ট চীনের সংবিধান বলে, যেভাবেই হোক তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। ঐতিহাসিক এই প্রেক্ষাপটে এত দশক পর আজও সংঘাত চলছে তাইওয়ান এবং বেইজিংয়ের মধ্যে।

এর আগে গত মাসেই চীনের পক্ষ থেকে একটি যুদ্ধ মহড়া সম্পন্ন করা হয়েছিল তাইওয়ান প্রণালীতে। সেই সময় ৪৩টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছিল।

গত দুই বছরে নিময় করেই তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান, যা নিয়ে বরাবর আপত্তি জানিয়েছে তাইওয়ান সরকার।

গত বছর আগস্টে আমেরিকার তৎকালীন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এসেছিলেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিল বেইজিং। এরপর তাইওয়ান প্রণালীতে গত শনিবার আমেরিকা যুদ্ধজাহাজ পাঠায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading