জন্ম সনদে শিশুর বাবা-মায়ের জাতীয়তা উগান্ডা!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
রাজশাহীর পুঠিয়ায় এক শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা ‘উগান্ডা’ লেখা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, সার্ভারের কারণে এমনটি ঘটেছে। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম বলেন, ‘প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্ম সনদের জন্য পরিষদে আবেদন করা হয়। সোমবার (০৯ জানুয়ারি) সকালে পরিষদ থেকে জন্ম সনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তার জায়গায় বাংলাদেশের স্থলে উগান্ডা লেখা। আর ওই সনদে চেয়ারম্যান নিজেই সিল-স্বাক্ষর করেছেন।’
রাকিবুল ইসলাম আরও বলেন, ‘এই ভুলের বিষয়টি সোমবার পরিষদে জানালে সংশোধনীর জন্য তাঁদের আবারও টাকা দিতে হয়েছে।’
নাম প্রকাশ না করা শর্তে একজন ইউনিয়ন পরিষদের সদস্য বলেন, ‘পরিষদের ডেটা এন্টি অপারেটর মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটাচ্ছেন। বিষয়গুলো তদারকি করতে চেয়ারম্যান ও অপারেটরকে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর তাঁদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে জনসাধারণকে।’
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু বলেন, ‘এটা আমাদের ভুল নয়, মাঝেমধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগী সংশোধনীর আবেদন করলে আমরা ঠিক করে দেব।’
ইউডি/এ

