আন্দোলনের সুনামিতে ভেসে যাবে সরকার : মিন্টু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমরা তো এখনও আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে বলতে শুরু করেছে, তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমি বলবো-কত বড় ধাক্কা লাগবে? তুফানের সঙ্গে কিন্তু সুনামিও আসে। দরকার হলে সবাই মিলে সেটাও তৈরি করবো। আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে চলে যাবে।’
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
অব্যাহতভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে ১২ দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল বিজয় নগর পানির ট্যাংকি সংলগ্ন রাস্তায় শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে আবারও বিজয়নগরে পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।
মিন্টু বলেন, ‘অতীতে দেখেছি আওয়ামী লীগের ডাকে ২০০ লোক আসতো না। সামনে দুজনও আসবে না। আওয়ামী লীগ এখন দেশে দুঃস্বপ্নের নাম। কোনভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। তারা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।’

এসময় অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করার দাবি জানান এহসানুল হুদা।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
ইউডি/এ

