মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে চায় না: চুন্নু

মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে চায় না: চুন্নু

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বিএনপিকে ‘বেশি খারাপ’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ।

বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের কষ্টের কথা চিন্তা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিএনপি আরও বেশি খারাপ, সারের দাবিতে আন্দোলনরত মানুষের ওপর গুলি চালিয়েছে তারা। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তাই সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিরা প্রতিদিনই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।’

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টির (জেপি) সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেপি নেতা নাসির উদ্দিন ইমরান (ঝালকাঠি-নলছিটি) এবং মো. মেহেদী হাসান শাহাদাত মুজিবুল হক চুন্নুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাপা মহাসচিব বলেন, ‘দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমের খবরে জানা গেছে, ওয়াসার এমডির বিদেশে ১৪টি বাড়ি আছে। আবার ক্ষমতাসীন দলের এক এমপির নিউইয়র্কে একাধিক বাড়ি রয়েছে। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তদন্ত করা উচিত। দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, জাতীয় পার্টি তাতে সহায়তা করবে। অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। কারা বিদেশি ফল আমদানির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তা দেখার যেন কেউ নেই। দেশের মানুষ ভালো নেই, কারো যেন কোনো দায়িত্ব নেই।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading