গ্যাসের মূল্যবৃদ্ধিতে অনেক শিল্প বন্ধ হবে : সিপিবি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫
গ্যাসের মূল্যবৃদ্ধিতে অনেক শিল্প বন্ধ হবে। বেকারত্ব বাড়ার পাশাপাশি ঘটবে পণ্যের মূল্যবৃদ্ধিও। এই প্রেক্ষাপটে ৮২ ভাগ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশের স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ দাবি জানান।
নেতারা বলেন, ‘শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের মূল্য ৮২ ভাগ মূল্য বৃদ্ধির আগে বৃহৎ মাঝারি ও ক্ষুদ্র শিল্পে গ্যাসের দাম আলাদা নির্ধারণ করা ছিল। এবার সবার জন্য একই দাম নির্ধারণ করা হয়েছে। এতে শেষ বিচারে ভোক্তার ওপরই চাপ বাড়বে। সরকার ঠিকমতো পর্যাপ্ত চাপে গ্যাস সরবরাহ না করতে পারলেও, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প ও বিদ্যুৎ এ গ্যাসের দাম বাড়িয়ে শিল্পের ওপর আঘাত হানল।
‘এর ফলে উৎপাদন খরচ বাড়বে, সব পণ্যের দাম বাড়বে। বিদ্যুতের দাম আবারও বাড়বে। সাধারণ মানুষের ঘাড়ে আবার এর বোঝা চাপানো হবে। অনেক ক্ষুদ্র শিল্প বন্ধ হবে। বেকারত্ব বাড়বে। অথচ দেশের সাধারণ মানুষের প্রকৃত আয় অনেক কমে গেছে। নতুন করে বোঝা বহনের ক্ষমতা তাদের আর নেই।’
বিবৃতিতে বলা হয়, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যাওয়ার সময়ে যখন মানুষকে রেহাই দেওয়া দরকার ছিল, তখন সরকার মানুষকে আরও ভোগান্তিতে ফেলল। অথচ এ সময় দুর্নীতি, টাকা পাচার, লুটপাট থেমে নেই। এসব উদ্ধারে সরকারের নজর নেই।’
বিবৃতিতে বলা হয়, ‘সরকার মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি চলমান রেখে আইএমএফর শর্ত মানতে আয় বাড়াতে সাধারণ মানুষের পকেট নিংড়ানোর পথ বেছে নিয়েছে। সরকারের এ গণবিরোধী, স্বৈরাচারী আচরণ অর্থনীতির সংকটকে আরও তীব্রতর করবে। মূল্যস্ফীতি ঘটবে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হবে।’ বিবৃতিতে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
ইউডি/এ

