বোমাতঙ্কে গোয়াগামী বিমানের জরুরি অবতরণ
উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
রাশিয়ার মস্কো থেকে ২৪৭ জন যাত্রী নিয়ে গোয়ায় আসার পথে বোমাতঙ্কে আজুর এয়ার সংস্থার একটি বিমান উজবেকিস্তানে জরুরি অবতরণ করেছে।
বিমানটি ইন্ডিয়ার আকাশসীমানায় ঢোকার আগেই গোয়া বিমানবন্দরে একটি উড়ো মেইল আসে। এতে বলা হয় বিমানের মধ্যে বোমা রাখা আছে। এরপরই বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
বিমানবন্দরের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গোয়া বিমানবন্দরে ভোর ৪টা ১৫ মিনিটে বিমানটির নামার কথা ছিল। রাত সাড়ে ১২টায় মেইলে হুমকি আসার পরে সেটিকে ঘুরিয়ে উজবেকিস্তানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মেইলটি গোয়া বিমানবন্দরের একজকন কর্মকর্তার কাছে আসলেও এটি কে পাঠিয়েছে তা শনাক্ত করা যায়নি। এ নিয়ে চলতি মাসে একই ধরনের দু’টি ঘটনা ঘটল।
ত ৯ জানুয়ারি গোয়াগামী আরও একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। গুজরাটের জামনগর বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করা হয়। যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি চালানোর পরও ভিতর থেকে বোমা বা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি।
পরে জানা যায়, যে ফোনের জেরে এই তৎপরতা এবং আতঙ্ক, সেটি আসলে ভুয়া ছিল। মস্কোর দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিমানে থাকা ২৩৬ জন যাত্রীই সুস্থ এবং নিরাপদ রয়েছেন। একদিন পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে উড়ে যায় বিমানটি।
এই ঘটনার পরই দিল্লি-পুণে স্পাইসজেটের একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ভুয়া ফোনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৪ বছরের এক যুবককে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, বন্ধুকে দুই বান্ধবীর সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই বিমান ওড়ার সময় পিছিয়ে দিতে চেয়েছিলেন তিনি।
ইউডি/এ

