আমেরিকায় বন্দুকধারীর গুলিতে ৯ ব্যক্তি নিহত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:১০
আমেরিকায় বন্দুকধারীর গুলিতে ৯ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যে এ ঘটনা সংঘটিত হয়। সোমবার (২৩ জানুয়ারি) উত্তর আমেরিকার এই দেশটিতে পৃথক তিনটি গোলাগুলির ঘটনায় এসব প্রাণহানি হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।
এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার হওয়ার আগে একজন বন্দুকধারী সাতজনকে হত্যা করেছে। এর আগে একটি জনপ্রিয় নাচের হলে গুলি চালিয়ে ১১ জনকে হত্যার পর দ্বিতীয়বারের মতো এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল (৫০ কি.মি.) দক্ষিণে উপকূলীয় শহর হাফ মুন বে-তে দু’টি পৃথক স্থানে সর্বশেষ হামলা হয়েছে।
জানা গেছে যে হামলাকারীর নাম ঝাও চুনলি। তার বয়স ৬৭ বছর। তিনি স্থানীয় বাসিন্দা।
এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার পৃথক এই ঘটনা ঘটে। চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত একটি নৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল।
উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে গোলাগুলির বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই।’
অন্যদিকে আইওয়াতে স্টার্টস রাইট হিয়ার নামক স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। এই স্কলে ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য শিক্ষামূলক মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে। গোলাগুলির ওই ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
বার্তাসংস্থা এএফপিকে ডেস মইনেস পুলিশ বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘নিহত ৯ ‘জনই ছাত্র। তারা হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আহত তৃতীয় ব্যক্তি ওই স্কুলের একজন কর্মচারী এবং তার অবস্থা গুরুতর।’
সূত্র: এএফপি, বিবিসি
ইউডি/কেএস

