অর্থ আত্মসাৎ: মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০৫
অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও তাদের দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ।
গত সোমবার অনুসন্ধান কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলাটি অনুমোদন করে কমিশন। কমিশনের ঊর্ধ্বতন একটি সূত্র মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ম্যাক্সনেট অনলাইনের স্বত্তাধিকারী মো. রইস উদ্দিনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ঋণ প্রদান করেন, যা সুদাসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- মেজর মান্নানের দুই মেয়ে বিআইএফসির সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান, বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী এবং সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।
এখন পর্যন্ত মেজর মান্নানের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে গত বছরের ১৮ ডিসেম্বরে প্রায় সাড়ে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে ও একই বছরের ১ ডিসেম্বর মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১৬ কোটি টাকা ঋণ বিতরণ মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দুটি মামলা দায়ের করে দুদক।
এসব মামলায় তার সঙ্গে আরও ১২ জনকে আসামি করা হয়।
ইউডি/এ

