‘পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় উঠবো’
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫
বিএনপি নেতাদের ‘সরকার পালানোর পথ পাবে না’ উক্তি নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা পালাবো না। প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় উঠবো।’
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনসভার প্রধান অতিথি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন সরকারকে পালাতে বলে। সরকার নাকি পালানোর পথ খুঁজে পাবে না!’
এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে। দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা। তারেক রহমান পালিয়ে বেড়ায়। আমরা পালাতে জানি না।’
‘এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরবো। পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো’, বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি আমাদের লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকার পতন, ৩০ ডিসেম্বর থাকবে না, ১১ জানুয়ারি সরকার আর নাই। বিএনপি এখন কই? বিএনপি এখন পদযাত্রায়। এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। বিএনপির এখন মরণযাত্রায়। খেলা তো হবেই। কিন্তু খেলা হবার আগেই বিএনপি মৃত্যুযাত্রায় চলছে।’
কাদের বলেন, ‘পদ্মা নদীর সব ঢেউ এখানে চলে এসেছে। মিছিলের নগরীতে পরিণত করেছেন। আমাদের স্বপ্নের বাতিঘর শেখ হাসিনার আগমনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।’
ইউডি/এ

