অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন জকোভিচ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০১

রেকর্ড গড়ার হাতছানি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রাখেন নোভাক জকোভিচ। কিন্তু সেই রেকর্ড যে এত সহজে ধরা দেবে সেটা কে জানতো? মেলবোর্নে নিজের চেনা আঙিনায় সহজেই নিজের কাজটা করে নিলেন সার্বিয়ান তারকা।

পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ। পুরুষ এককে এতদিন ধরে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন রাফায়েল নাদাল। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন জকোভিচ। পুরুষ এককে নাদালের সঙ্গে যৌথভাবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাজা এখন সার্বিয়ান তারকা।

এখানেই শেষ নয়, এতদিন ধরে মেলবোর্নে সর্বোচ্চ ৯বার চ্যাম্পিয়ন হওয়ার মালিক ছিলেন জকোভিচ। এবার সেই রেকর্ডটাকেও বাড়িয়ে নিলেন। মেলবোর্ন পার্কে আজ নিজের দশম শিরোপা উঁচিয়ে ধরলেন টেনিসের রাজা।

রোববার (২৯ জানুয়ারি) পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে ৬-৩, ৭-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন ৩৫ বছর বয়সী জকোভিচ।

শিরোপার লড়াইয়ে প্রথম সেটে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি সিৎসিফাস। হেরে যান ৬-৩ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে তোলেন। দীর্ঘ লড়াইয়ের পর সেই সেটেও হেরে বসেন। পরপর দুই সেটে হেরে আর ঘুরে দাঁড়ানো হলো না গ্রিস তারকার। তৃতীয় সেটেও জয় তুলে নিয়ে শিরোপা উঁচিয়ে ধরলেন জকোভিচ।

রড লেভার অ্যারেনায় রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো সিৎসিফাসকে। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু সেটা আর হলো না। এর আগেও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে হতাশ হতে হয়েছিল গ্রিস তারকাকে। সেবারও হেরেছিলেন জকোভিচের কাছেই। এবারও তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে থাকলেন জকোভিচ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading