মোদির তথ্যচিত্রে কেন নিষেধাজ্ঞা : কেন্দ্রকে নোটিশ ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
২০০২ সালে ইন্ডিয়ার গুজরাট রাজ্যের দাঙ্গা এবং সেই দাঙ্গায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতা নিয়ে বিবিসির সাম্প্রতিক তথ্যচিত্রের প্রদর্শন বন্ধে দেশটির কেন্দ্রীয় সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে নোটিশ জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
আগামী তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালতের নোটিশের জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে; এবং সেই নিষেধাজ্ঞা সম্পর্কিত লিখিত আদেশের মূল কপি ও এই সংক্রান্ত সরকারি রেকর্ডও জবাবের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
গুজরাটের দাঙ্গা ও তার সঙ্গে মোদির সংশ্লিষ্টতা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যচিত্র ‘মোদি : দ্য কোশ্চেন’ নিয়ে সম্প্রতি তোলপাড় শুরু হয়েছে ইন্ডিয়ার রাজনীতিতে। কয়েক দিন আগে এক আদেশে এই তথ্যচিত্র প্রদর্শন নিষিদ্ধ করার পাশপাশি টুইটারসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্যচিত্রের লিংক মুছে ফেলার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রণালয়।
কেন্দ্রীয় সরকারের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দু’টো পিটিশন জমা দেওয়া হয়েছিল। একটি দিয়েছিলেন কেন্দ্রীয় পার্লামেন্ট লোকসভার তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র, জেষ্ঠ্য সাংবাদিক এন রাম এবং আইনজীবী প্রশান্ত ভ‚ষণ; দ্বিতীয়টি জমা দিয়েছিলেন প্রশান্ত নিজেই। শুক্রবার সেই পিটিশনের ওপর শুনানি শেষের আদেশে এই নোটিশ জারি করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দ্রেশের ডিভিশন বেঞ্চ।
ইউডি/এজেএস

