বিরাট-রোহিত দ্বন্দ্ব মিটিয়েছিলেন রবি শাস্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
ইন্ডিয়ান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মার মধ্যে এক সময় বেশ দ্বন্দ্ব ছিল তা এক প্রকার মেনেই নিলেন দলটির সাবেক ফিল্ডিং কোচ আর শ্রীধর।
তিনি জানান, কোহলি ও রোহিতকে রুমে ডেকে সব সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন সাবেক কোচ রবি শাস্ত্রী। তার পরেই কোহলি এবং রোহিতের সম্পর্কের উন্নতি হয়।
একটা সময় কোহলি এবং রোহিতের সম্পর্কে যে একটা ভাঙন রয়েছে, সেটা নিয়ে প্রায়ই দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর হতো। যা বারবার নাকচ করে দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে।
কিন্তু আর শ্রীধর তার আত্মজীবনীতে যে ঘটনার কথা উল্লেখ করেছেন, তাতে এটা স্পষ্ট যে কোহলি এবং রোহিতের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল।
শ্রীধর লেখেন, ‘২০১৯ সালের বিশ্বকাপের পর ড্রেসিং রুমের বেশ কিছু বিষয় নিয়ে সংবাদমাধ্যমে লেখালিখি শুরু হয়ে যায়। সেটার একটা খারাপ প্রভাব তৈরি হয়। আমরা জানতে পারি যে, দলের মধ্যে নাকি কোহলি এবং রোহিতের আলাদা পক্ষ তৈরি হয়েছে। যা আমাদের নাড়িয়ে দিয়েছিল।’
এই বিষয়টা দলের পক্ষে ক্ষতিকর বলেই মনে করছিলেন শ্রীধররা। সেই সময় পরিস্থিতি সামলান রবি শাস্ত্রী।
আত্মজীবনীতে শ্রীধর লেখেন, ‘বিশ্বকাপের ১০ দিন পর আমরা আমেরিকা যাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সেখানে পৌঁছেই রবি শান্ত্রী নিজের রুমে ডেকে পাঠায় কোহলি এবং রোহিতকে।’
সেখানে রবি শাস্ত্রী তাদের বলেন, ‘‘তোমরা দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার। দলের মধ্যে এই ভাগাভাগি বন্ধ করতে হবে। আমাদের এগোতে হলে তোমাদের এক হতে হবে।’’
রবির এই বার্তাই পাল্টে দিয়েছিল রোহিত, বিরাটের সম্পর্ক।
শ্রীধর মনে করেন সব আবার স্বাভাবিক হয়ে যায় রবি শাস্ত্রীর কথা বলার পর। ইন্ডিয়ার সাবেক ফিল্ডিং কোচ মনে করেন অবস্থা খারাপ হওয়ার আগেই সামলে নিয়েছিলেন রবি শাস্ত্রী।
পরবর্তী সময়ে বিরাট নেতৃত্ব ছাড়ার পর তা তুলে দেওয়া হয় রোহিতের হাতে। সামনে ইন্ডিয়ার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে রোহিতের নেতৃত্বেই খেলবেন বিরাট।
ইউডি/এ

