‘আসসালামু আলাইকুম বাংলাদেশ’, ভালোবাসা জানিয়ে বললেন রোনালদো
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০
ক্রিস্টিয়ানো রোনালদোর নাম শোনেননি, এমন ফুটবল ভক্তের দেখা পাওয়া ভার। মাঠের খেলায় অনন্য নৈপুণ্য, ক্যারিয়ারের অসামান্য অর্জন এবং রেকর্ডের সমাহারে পর্তুগিজ এ খেলোয়াড় ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন।
দুদিন আগেই জীবনের ৩৮তম বসন্ত পার করে ৩৯-এ পা দিয়েছেন তিনি। পেশাদার ক্যারিয়ারের সূর্যটা অস্তমিত হলেও রোনালদো নামের প্রভাবটা এখনও আগের মতোই তেজস্বী।
বিশ্বজুড়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তকূলের সংখ্যা নিতান্ত কম না। গত ৫ ফেব্রুয়ারি ঢাকার কয়েক জায়গায় রোনালদোর জন্মদিন উদযাপন করা হয়েছে।
বাংলাদেশি ভক্তদের এমন উন্মাদনার কথা রোনালদোর জানা আছে নাকি কে জানে। তবে বাংলাদেশকে ঠিকই অভিবাদন জানিয়েছেন সিআর সেভেন, সেটাও দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্ম ইসলামের আদলেই।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাব দেব নাথ নামে এক ব্যক্তি।
সিলেটের বাসিন্দা অমিতাবের আপলোড করা ভিডিওতে পর্তুগিজ কিংবদন্তিকে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। ভিডিওটি ইতোমধ্যেই বেশ আলোড়ন ফেলে দিয়েছে।
ভিডিওতে রোনালদোকে হাত নাড়িয়ে বাংলাদেশকে সালাম জানিয়ে বলতে দেখা যায়, ‘সালামু আলাইকুম বাংলাদেশ। বাই বাই।’
সালামের উচ্চারণে যদিও কিছুটা ভুল রয়েছে। তবে প্রিয় এবং কিংবদন্তি একজন ফুটবলারের মুখে নিজ দেশের নাম শুনে এতটুকু ভুল ভক্তরা উপেক্ষা করেই গেছেন। যদিও ভিডিওটি কবের এবং কোথাকার, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগে সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন।
গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর এ বছরের শুরুতে আল নাসরে নাম লেখান সিআর সেভেন।
ইতোমধ্যেই ক্লাবের জার্সিতে সৌদি প্রো লিগে পর্তুগিজ ফরোয়ার্ডের অভিষেক হয়েছে, সর্বশেষ ম্যাচে দেখা পেয়েছেন প্রথম গোলেরও।
ইউডি/এ

