গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির আস্থা নেই : হাছান মাহমুদ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির আস্থা নেই : হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

‘গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা নেই বলেই রাষ্ট্রপতি নির্বাচনে কোনো আগ্রহ না থাকার কথা বলেছে বিএনপি।’ সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপির দেশ ও জনগণ নিয়ে কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ ও দাবির কেন্দ্রবিন্দু তারেক রহমান এবং খালেদা জিয়া। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ একজন অসাধারণ ব্যক্তি মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। যিনি বীর মুক্তিযোদ্ধা, মাঠের রাজনীতি করেছেন, বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিত হয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে ও বিশৃঙ্খলা করতেই ইউনিয়নে কর্মসূচি পালন করেছে বিএনপি। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল বলেই পারেনি। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে না। রাজপথের দল হিসেবে কর্মসূচি সবসময় ছিল এবং থাকবে।’

এর আগে মতবিনিময়ে ১৫টি দাবি তুলে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ। এর মধ্যে রয়েছে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক সংবাদপত্রের সুষ্ঠু বিজ্ঞাপন ব্যবস্থা কার্যকর করা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইস্যু করা ক্রোড়পত্রের সব বকেয়া বিল পরিশোধের ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ গণমাধ্যমবান্ধব সরকার। সেকারণেই গত ১৪ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে৷ আশপাশের দেশ এবং পশ্চিমা দেশেও এতোটা বিকাশ ঘটেনি।’

যৌক্তিক দাবির প্রতি সরকার সহানুভূতিশীল বলেও জানান তিনি।

ইউডি/এ

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading