রাষ্ট্রপতি প্রসঙ্গে খন্দকার মোশাররফ, ‘মন্তব্য করতে চাই না’
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির ‘কোনো আগ্রহ নেই’। রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপপুকে মনোনয়ন দেওয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমন মন্তব্য করে বলেন, ‘এই সরকার কী করছে-না করছে, এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আজকে প্রেস ব্রিফিং ডেকেছি গতকালের ইউনিয়ন পদযাত্রায় সংঘটিত বিষয়গুলো আপনাদের অবহিত করার জন্য। আপনারা তো জানেন যে ১০ দফা আমাদের দাবি, প্রথম দফা হচ্ছে যে, এই অবৈধ স্বৈরাচারী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন…।’
শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে বাধা প্রদান, ক্ষমতাসীন দলের পাল্টা কর্মসূচি, হামলা ও গ্রেপ্তারের নানা ঘটনা তুলে ধরতেই সকাল সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকেন খন্দকার মোশাররফ।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দ্বিতীয় মেয়াদের শেষ প্রান্তে রয়েছেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ফলে ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।
ইসি ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তপশিল ঘোষণা করে। সে অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
ইউডি/ এ

