রোমানিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

রোমানিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

রোমানিয়ায় পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বুলগেরিয়া এবং সার্বিয়াতেও।

স্থানীয় প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে দেখা যায়, রোমানিয়ায় কয়েকটি ভবন ও গাড়ি কম্পনে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আবাসিক ভবনগুলো থেকে বাসিন্দাদের তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখা যায়। তবে বড় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, রোমানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি গর্জে ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে কম্পনটি আঘাত হানে। একদিন আগে সোমবার রোমানিয়ার একই এলাকায় সামান্য কম মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোমানিয়ার ন্যাশনাল আর্থ ফিজিক্স ইনস্টিটিউট (আইএনএফপি) মঙ্গলবার জানায়, গত সপ্তাহে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের সঙ্গে এই কম্পনের কোনো সম্পর্ক নেই। তবে বারবার কম্পন বাসিন্দাদের উদ্বেগ বাড়িয়েছে।

রোমানিয়া বেশ কয়েকটি সিসমিক ফল্টের ওপর অবস্থিত। এ কারণে দেশটিকে ‘উচ্চ ভূমিকম্প সম্ভাবনার অঞ্চল’ বলে থাকেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ-পূর্ব ইউরোপের বৃহত্তম দেশ রোমানিয়ায় ১৯৭৭ সালের ৪ মার্চ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ভ্রান্সিয়া ফল্টে অবস্থিত দেশটির রাজধানী বুখারেস্টে সে সময় মারা গিয়েছিলেন এক হাজার ৫৭০ জন। আহত হন ১১ হাজারের বেশি মানুষ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading