বার্সা-ম্যান ইউ’র লড়াইয়ে জিততে পারেনি কেউই

বার্সা-ম্যান ইউ’র লড়াইয়ে জিততে পারেনি কেউই

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে সমানে সমান লড়েছে দু’দলই। তবে চার গোলের ম্যাচটিতেও ন্যু ক্যাম্প থেকে ড্র নিয়েই ফিরতে হয়েছে তাদের। সে কারণে পরবর্তী রাউন্ডে কারা যাচ্ছে, সেটি জানতে দ্বিতীয় লেগের ফলাফলে নজর রাখতে হবে।

ম্যাচের প্রথমার্ধে কোন দলই স্কোরবোর্ডে নাম তুলতে পারেনি। তবে বিরতির আগের সময়টা একেবারেই ম্যাড়মেড়ে যায়নি। আক্রমণ-প্রতি আক্রমণে গোলের লক্ষ্যে ছুটেছে উভয়পক্ষ। এ সময়ের ভেতর গোলের সুযোগও সমান সংখ্যক তৈরি করেছে। তবে এক্ষেত্রে ভাগ্য বেশি সহায় হয়েছে বার্সেলোনার। মার্কোস রাশফোর্ড ও ভাউট ভেগহোর্স্টের নিশ্চিত দুটি গোল ঠেকিয়েছেন টের স্টেগান।

অন্যদিকে, বার্সার পাওয়া রবার্ট লেভানডফস্কি ও জর্দি আলভাও গোলের দুটো সুযোগ কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন মার্কোস অ্যালোনসো। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। কারণ, ম্যান ইউ’র ম্যাচ মানেই রাশফোর্ডের গোল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা রাশফোর্ডের গোলটি ৫৩ মিনিটে আসে। ইউনাইটেড মিডফিল্ডার ফ্রেডের বাড়ানো বল কোনাকুনি শট নেন রাশফোর্ড। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত রেড ডেভিলদের হয়ে ২২ গোল করেছেন।

৬০ মিনিটের দিকে এবার এগিয়ে যায় টেন হগের শিষ্যরা। রাশফোর্ডের জোরালো শট সতীর্থরা ধরতে পারেননি। তবে শেষমেশ বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের গায়ে জাল খুঁজে নেয় বল।

ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। গোলের জন্য মরিয়া দুপক্ষের আক্রমণভাগ। ৭৬তম মিনিটে আবারও খলনায়ক জুল কুন্দে। সতীর্থ ক্যাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নিয়ে বল দিয়ে বসেন রাফিনিয়াকে। ব্রাজিলিয়ান উইঙ্গার বলটি লেভার উদ্দেশ্যে পাস দেন। লেভা তো সেটি ধরতে পারেননি, গোলের লক্ষ্যে থাকা বলটি রেড ডেভিলস রক্ষণভাগকেও ফাঁকি দিয়ে যায়। ২-২ সমতায় ফেরে বার্সা।

ম্যাচের বাকি অংশে আর কোনো গোল হয়নি। তবে ক্যাসেমিরোর শট বার্সার গোলপোস্টে লেগে ফিরে আসে। এছাড়া, যোগ করা সময়ে আনসু ফাতির বল দুর্দান্তভাবে ঠেকান ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

আগামী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ফল নির্ধারণের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লিগে মুখোমুখি হবে জাভি ও হগের শিষ্যরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading