কলকাতায় শ্রদ্ধাভরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

কলকাতায় শ্রদ্ধাভরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

যথাযথ মর্যাদার সঙ্গে ইন্ডিয়ার কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এই উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কলকাতা বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিন সকালে উপ-হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর কলকাতার ৩, সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে থেকে প্রভাত ফেরি বের হয়। নানা বর্ণের পোস্টার, ফুলসহ প্রভাত ফেরিতে অসংখ্য মানুষের সঙ্গে অংশ নেন হাইকমিশনের কর্মকর্তারাও।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সেই প্রভাত ফেরি কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে পৌঁছায় উপহাইকমিশন প্রাঙ্গনে।

এরপরে হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে রফিক-সালাম-বরকত-জব্বারদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, প্রথম সচিব (বাণিজ্য) শামসুল আরিফসহ অন্য কর্মকর্তারা।

সেই সঙ্গে হাইকমিশন প্রাঙ্গণে ‘মুজিব মঞ্চে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও মালা দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তারা।

উপহাইকমিশনর কর্মকর্তাদের পাশাপাশি আলাদাভাবে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়- ইন্দো বাংলা প্রেস ক্লাব, কলকাতা প্রেসক্লাব, ইন্ডিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতি, বাংলাদেশ বিমান।

এদিন বিকেলে মিশন প্রাঙ্গনে একটি সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন কলকাতাস্থ বিদেশি দূতাবাসের কর্মকর্তারা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বিবৃতিতে বলেন, ‘মাতৃভাষা আমাদের আত্মার শরিক, প্রাণের স্পন্দন। নিজের ভাষার গৌরব ও অধিকার রক্ষার্থে যারা প্রাণ দিয়েছেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। মাতৃভাষাকে ভালোবেসে সব ভাষাকেই জানাই সম্মান।’

রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভা ঘরে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ভাষা উৎসব উদযাপন করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading