দেশ এখন গ্রেপ্তার ও নিপীড়নের মহাক্ষেত্র : মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
‘আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশকে এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের মহাক্ষেত্রে পরিণত করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন, ‘মহান শহীদ দিবসের মতো পবিত্র দিনে ‘‘সরকারদলীয় সন্ত্রাসীদের’’ বর্বরোচিত হামলায় ফেনীতে বারো জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে ‘‘আওয়ামী সন্ত্রাসীদের’’ বেপরোয়া দৌরাত্ম্য। মহান শহীদ দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠান পালন করতে গিয়েও বিএনপি নেতাকর্মীদের ওপর ‘‘আওয়ামী সন্ত্রাসীদের’’ বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই মহান দিনেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও অমানুষিক হামলা-নির্যাতন বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।
‘এমনকি আওয়ামী কর্মীরা শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি নেতাকর্মীদের বহন করা ফুলের তোড়াও কেড়ে নিয়ে ভেঙে ফেলে। ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্র’, দাবি করে তিনি।
মঙ্গলবার শান্তিপূর্ণভাবে মহান দিবসের অনুষ্ঠান পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।
ইউডি/এ

