দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে যা বলছে সিবিআই
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫
দিল্লির মদ কেনাবেচা নীতির মামলায় প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাজ্যটির উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা মণীশ সিসৌদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে ইন্ডিয়ার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সিসৌদিয়া হচ্ছেন দিল্লির দ্বিতীয় কোনো মন্ত্রী যাকে গ্রেপ্তার করা হলো। এর আগে অর্থ তছরুপের মামলায় রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গত বছরের মে মাসে গ্রেপ্তার করে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সিবিআই বলছে, জিজ্ঞাসাবাদের সময় সিসৌদিয়া যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে আবগারি নীতিতে অনিয়মের ঘটনায় দিল্লির উপমুখ্যমন্ত্রী ও আবগারি মন্ত্রী সিসৌদিয়াসহ আরও ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে রোববার বেলা ১১টায় সিবিআই সদরদপ্তরে পৌঁছান সিসৌদিয়া। এসময় তাকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সিসৌদিয়ার বিরুদ্ধে দিল্লির মদ কেনাবেচার নীতিতে দুর্নীতির অভিযোগ রয়েছে।
সিবিআই কর্মকর্তারা বলছেন, আম আদমি পার্টি নেতাকে আবগারি নীতির বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামি দীনেশ অরোরাসহ বাকিদের সঙ্গে তার সংযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া বিভিন্ন মোবাইল ফোন থেকে আদানপ্রদান করা বার্তার বিষয়েও সিসৌদিয়ার কাছে জানতে চাওয়া হয়েছে।
ইউডি/এ

