মোমেনের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্করের টুইট, ‘প্রতিবেশী সবার আগে’
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে শুক্রবার (০৩ মার্চ) নয়াদিল্লিতে বৈঠক করেছেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফলভাবে শেষ হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন জানান।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্কের বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তারা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
এদিকে, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং রাইসিনা ডায়ালগ-২০২৩-এর সাইডলাইনে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পর এস জয়শঙ্কর এক টুইট বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে, প্রতিবেশী সর্বদা সবার আগে।’

এ ছাড়া শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ব্রাজিল, মেক্সিকো, স্লোভেনিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার জন্য পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘসহ বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে মতবিনিময় করেন।
ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট মোকাবিলায় দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন।
এস জয়শঙ্করের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গত ১ মার্চ জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ইন্ডিয়া যান। ড. মোমেন জি-২০ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য দেন। তিন দিনের সফর শেষ করে তিনি শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন।
ইউডি/এ

