সরকার দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে: মির্জা ফখরুল

সরকার দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার দেশকে বিএনপিশূন্য করতে এখন বেপরোয়া ভূমিকায় মাঠে নেমেছে। কর্তৃত্ববাদী স্বৈরাচারি সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে চারদিকে ভীতির বিস্তার ঘটাচ্ছে- যেন সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ করারও সাহস না পায়।’

তিনি বলেন, ‘সরকার দেশে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করে নিজেদের দুঃশাসনকে প্রলম্বিত করতে চায়। তবে জনগণ তাদের এই মনোবাঞ্ছা কোনোদিনই পূরণ হতে দেবে না। অতীতের সংগ্রামী ঐতিহ্যের ধারায় বাংলাদেশের মানুষ যেকোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করবে না।’

সোমবার (০৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘হীন পরিকল্পনায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও অনেক সিনিয়র নেতাসহ অসংখ্য কর্মীকে সরকার গ্রেফতার করেছে এবং কারাগারে অমানবিক নির্যাতন শুরু করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় এবং সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভীষণ অসুস্থ হয়ে পড়ায় এবং তাকে সুচিকিৎসা দিতে সরকার ও কারাকর্তৃপক্ষের অবহেলায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘অসংখ্য নেতাকর্মী বর্তমান সরকারের রোষানলে কারাবন্দি। বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যদুস্ত করতে নিষ্ঠুর আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে পাঠিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে। কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই।

মির্জা ফখরুল বলেন, আমি অবিলম্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সুচিকিৎসা এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ বিএনপির সকল কারারুদ্ধ নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading