সরকার দেশের সমাজব্যবস্থাকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৫০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সমাজব্যবস্থাকে বিভক্ত করেছে এবং দূষিত সমাজে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তাই তাদের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গুটিকয়েক মানুষের স্বার্থে সরকার উন্নয়নের নামে দেশের টাকা নষ্ট করছে।
শুক্রবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ বিভাগকে চুরির হাতিয়ার হিসেবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দুই মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মানুষ দ্রব্যমূল্যে দিশাহারা। ১০ টাকায় চাল খাওয়ানের কথা বলে এখন ৭০ টাকায় মোটা চাল খাওয়াচ্ছে। ডিম, পোল্ট্রি মোরগের দাম নাগালের বাইরে। ভাত খেতে না পারলে উন্নয়ন ধুয়ে খাবে না কি মানুষ।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সংবিধানকে বার বার কাঁটা-ছেড়া করে এটিকে অকার্যকর করে দিয়েছে। সংবিধানের মৌলিক বিষয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সরিয়ে দিয়ে বাকশাল করেছিল। সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিল। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশে আজ আইনের শাসন নেই।
এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ।
ইউডি/কেএস

