বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক শক্তিশালী হচ্ছে: স্পিকার

বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক শক্তিশালী হচ্ছে: স্পিকার

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামা সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ার লোকসভার স্পিকার ওম বিরলা। এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের কনভেনশন ক্লাস্টার রুমে এ সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-ইন্ডিয়া সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করেন।

সোমবার (১৩ মার্চ) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ইন্ডিয়ার অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার ভূমিকা এ দেশের মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করা জরুরি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইন্ডিয়া-বাংলাদেশ একত্রে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। এ সময় ইন্ডিয়া জি২০ (এ২০)-এর নেতৃত্ব গ্রহণ করায় ইন্ডিয়ার লোকসভার স্পিকার ওম বিরলার মাধ্যমে ইন্ডিয়ান নেতৃত্বকে অভিনন্দন জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থাপনাসহ নানান ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে।

লোকসভার স্পিকার ওম বিরলা বলেন, জি২০-এর কার্যক্রমের অংশ হিসেবে সংসদীয় সম্পর্ক আরও জোরদারকরণে ইন্ডিয়ার লোকসভা পি২০ সম্মেলনের আয়োজন করবে, যাতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে ওম বিরলা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে ইন্ডিয়া সরকার অত্যন্ত আনন্দিত। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ওম বিরলা।

এ সময় মো. শাহে আলম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আল মাহি এরশাদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের গ্রান্ড হল এবিসিতে ১৪৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading