৬ মাসের জন্য বিদেশ যেতে পারবেন তাফসির আউয়াল
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত।
বুধবার (১৫ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অনুমতি দেন। সেই সঙ্গে ছয় মাসের মধ্যে যেই কয়বার বিদেশ যাবে ততবার যাওয়ার সময় ও আসার পর কোর্ট এবং দুদককে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মো খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। পিটিশনার পক্ষে ছিলেন আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান খান ও সাকীব মাহবুব।
নির্বিঘ্নে বিদেশ যেতে ও দেশে ফিরে আসতে নির্দেশনা চেয়ে তাফসির গত ২ মার্চ একটি রিট দায়ের করেন। তাফসির জন্মসূত্রে আমেরিকার নাগরিক। আমেরিকার পাশাপাশি তিনি ব্রিটেনেও পড়াশোনা করেছেন।
২০২০ সালের ৪ অক্টোবর দুদক এক স্মারকের সূত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তাফসিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। ওই স্মারক ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন।
এর আগে আপিল বিভাগ এ বিষয়ে নির্দেশনাসহ রায় দিয়েছেন। রায়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের তিনদিনের মধ্যে আদালত থেকে অনুমতি দেওয়ার কথা বলা রয়েছে। এ অবস্থায় ২০২০ সালের ৪ অক্টোবরের ওই স্মারক দেখিয়ে ১ মার্চ তাফসিরকে ব্রিটেনে যেতে বাধা দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ইউডি/এ

