আইনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: র‌্যাব ডিজি

আইনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: র‌্যাব ডিজি

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ‘অসহায় মানুষ অবশ্যই আমাদের কাছে আসবে। আমি তার কথা শুনব এবং আইনের মাধ্যমে ওই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।’

সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলার র‍্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র‍্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘মানুষের এখন অনেক সমস্যা। সমাজে নৈতিক মূলবোধ্যের অবক্ষয় হয়েছে। এটা আমরা সবাই উপলব্ধি করি। আমরা যারা পোশাকধারী রয়েছি; যারা চাকরি করি; আমাদের পরিবার অনেকটা নিরাপদ। কিন্তু সমাজের রিয়েল চিত্রটা অন্যরকম।’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘মানুষ কোথাও ব্যবসা করতে গিয়ে টাকা দিয়ে টাকা পাচ্ছে না। জমির টাকা দিচ্ছে জমি পাচ্ছে না। ফ্ল্যাট বুকিং দিয়ে টাকা দিচ্ছে; কিন্তু ফ্ল্যাট পাচ্ছে না। এরকম ভিকটিম আমাদের কাছে আসলে আমরা বলি; থানায় যান জিডি করেন। কিন্তু মানুষ সেখানে গিয়েও কোনো সুরাহা পায় না। কিন্তু আমি শুধু আমাদের সদস্যদের বলব; অসহায় মানুষ অবশ্যই আমাদের কাছে আসবে। আমি তার কথা শুনব এবং আইনের মাধ্যমে ওই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার নিয়ত ঠিক থাকতে হবে। আমি যেন ওই সুযোগকে পুঁজি করে কোনো অসৎ উদ্দেশ্য কাজে না লাগাই। তবে আন্তরিকভাবে চেষ্টা করলে অসহায় মানুষকে অনেক সহযোগিতা করা সম্ভব।’

র‌্যাবের সকল সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষ যেন বলতে পারে; র‌্যাবের কাছে গেলে আমি আমার সকল কথা বলতে পারি। র‌্যাবের কাছে গেলে আমার স্বস্তি লাগে।’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমি কিন্তু বেশ কয়েকটি ক্যাম্পের খবর পেয়েছি। ক্যাম্প ইনচার্জ যারা, তারা মানুষকে সহযোগিতা করেন না। কিন্তু সিওদের (অধিনায়ক) কাছে গেলে তারা সহযোগিতা করেন। ক্যাম্প ইনচার্জরা সহযোগিতা করেন না।’

ক্যাম্প ইনচার্জদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আর শুনতে চাই না। এ দেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়। অবশ্যই মানুষকে সহযোগিতা করতে হবে। আমরা শাসক নয়, আমরা সেবক হতে চাই।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading